সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে তৎপর হয়ে ওঠে আইন প্রয়োগকারী সংস্থা।

শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে কালিগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিশেষ যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মূল অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নিহত শামীমের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আমিনীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।