রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনব কায়দায় শাড়ির ভেতরে লুকিয়ে আনা প্রায় চার কেজি উচ্চমানের গাঁজা বা ‘কুশ’সহ অভিজিৎ দাস নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছানোর পর তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় বিশেষ নজরদারি জোরদার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিজিৎ দাস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে শাড়ির ভাঁজে অত্যন্ত সুকৌশলে লুকানো চার কেজি কুশ উদ্ধার করা হয়, আন্তর্জাতিক বাজারে যার মূল্য কয়েক কোটি টাকা।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অভিজিৎ স্বীকার করেছেন যে বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ স্থানীয় একটি চক্রের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল তার। পরবর্তীতে বাকি মাদক নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং এই আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে জড়িত স্থানীয় চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।